ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পূর্বপাশের বিল, জলাশয় ও কৃষিজমি ভরাট করে প্রস্তাবিত উপশহর নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা।
বুধবার (১২ আগস্ট) দুপুরে তিতাস পূর্বাঞ্চল বসতভিটা, কৃষিজমি ও জলধারা রক্ষা কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পেলুনপুর, রাজাবাড়ি ও দক্ষিণ রাজাবাড়ি, দত্তখলা এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তিতাস নদীর পূর্বপাশের বিস্তীর্ণ এলাকায় রয়েছে বিল, জলাশয়, কৃষিজমি ও প্রাকৃতিক জলাধার। এসব জায়গা স্থানীয় মানুষের কৃষি, মাছ ধরা ও জীবিকার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। পরিকল্পিত উপশহর নির্মাণের নামে এসব জলাধার ও কৃষিজমি ভরাট করা হলে শুধু কয়েকটি এলাকার মানুষ নয়, পুরো এলাকার পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্র মহল উঠে পড়ে লেগেছে আমাদের বসতভিটা ও কৃষি জমি এবং নদী- বিল দখল করে ভূমি ব্যবসা করার জন্য। আমরা মনে করি উন্নয়ন প্রয়োজন হলে তা হতে হবে নদী, বিল ও কৃষিজমি রক্ষা করে। অন্যতায় কৃষিজমি, বিল ও জলাশয় ধ্বংস করে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে তার দীর্ঘমেয়াদি ক্ষতির দায় শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বহন করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন তিতাস পূর্বাঞ্চল বসতভিটা, কৃষিজমি ও জলধারা রক্ষা কমিটির আহবায়ক হোসেন আহমদ , উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, গ্রামবাসীর পক্ষে, ইউনুস, জাহাঙ্গীর, বাবুল মাস্টার ও ওমর ফারুক প্রমূখ।