চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার হিজড়া খালে নিখোঁজ শিশু সেহরিশের লাশ উদ্ধার হয়েছে ১৪ ঘণ্টা পর। গতকাল শনিবার সকাল ১০টার দিকে নিখোঁজের স্থান থেকে ৫ কিলোমিটার দূরে চাক্তাই খালের চামড়ার গুদাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু সেহরিশ আছদগঞ্জের শুঁটকিপট্টি এলাকার মো. শহিদ ও সালমা বেগম দম্পতির সন্তান। এ নিয়ে গত চার বছরে নালা ও খালে পড়ে অন্তত ৮ জনের প্রাণহানির ঘটনা ঘটল।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে কাপাসগোলায় শিশু সেহরিশের ফুফুর বাসায় যাওয়ার জন্য নগরের আছদগঞ্জের শুঁটকিপট্টি এলাকা থেকে রওনা দেন শিশুর মা ও নানি। এসময় চকবাজারে কাপাসগোলা ব্রিজের কাছে বৃষ্টির মধ্যে চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশা হিজড়া খালে তলিয়ে যায়। ওই রিকশায় ভুক্তভোগী শিশুর মা ও নানি ছিলেন। দুর্ঘটনার পর মা ও নানি উঠতে সক্ষম হলেও তলিয়ে যায় ৬ মাস বয়সী ওই শিশুটি।
এ সময় রিকশাচালক পালিয়ে যায়। স্থানীয় লোকজন মা ও নানিকে উদ্ধার করেন। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করতে থাকে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং সিটি কর্পোরেশনের কর্মীরাও। রাতে ঘটনাস্থলে আসেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি যে উদ্ধার করতে পারবেন তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।