পার্বতীপুর সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুরে দূর্বৃত্তের হামলায় গুরুত্বর আহত অটোচালক (ইজিবাইক) নাজমুল হুদা লাবু (৩০) ১ মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিসিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। লাবু পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাইমোড় রেলগেট সংলগ্ন দূর্গাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। গতকাল ১৬ মে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়না তদন্ত সম্পন্ন হয়।

জানা গেছে, গত ১৩ এপ্রিল রাত ৯টার দিকে দিনাজপুর শহরের মহারাজার মোড় থেকে চারজন যাত্রী নিয়ে লাবু পার্বতীপুরের উদেশ্যে রওয়ানা দেয়। পথে পার্বতীপুর-দিনাজপুর সড়কে পার্বতীপুর উপজেলার ল্যাম্ব হাসপাতাল বাজারে দুজন যাত্রী নেমে যায়। অবশিষ্ট দুজন যাত্রী নিয়ে পার্বতীপুরের দিকে যাত্রা করলে পূর্ব রাজাবাসর মোড়ে অটো থামিয়ে তাকে রেললাইনের পাশর্^বর্তী ভুতপুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষারত আরও কয়েকজন যুবক মিলে লাবুকে এলোপাতাড়ি মারপিট করে। পরে ১৪ এপিল ভোরে মূমূর্ষ অবস্থায় তাকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে দূর্বৃত্তরা সটকে পড়ে। সকালে লাবুর বাড়ীর লোকজন জানতে পেরে দূর্বৃত্তের কবল থেকে ইজিবাইকটি উদ্ধার করে। এদিকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকার গ্রীন রোডে অবস্থিত গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে দিবাগত রাত সাড়ে ১২ টায় সে মারা যায়।