শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয়ে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর ও নৃশংস হত্যা এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ’মার্চ ফর গাজা’ এই কর্মসূচীর অংশ হিসেবে ফ্রি-প্যালেস্টাইনের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিবালয়বাসী ও তৌহিদী জনতা।

সম্প্রতি শিবালয় ডাক্তার খানা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কসহ আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাক্তার খানায় এসে শেষ হয় এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক নাহিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা হাতেম আলী, শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, শিক্ষক রফিকুল ইসলাম, মাওলানা জামিল হোসেন, সৈয়দ মাহমুদ,কামরুল ইসলা, হাফেজ মো. ফজলুর রহমান প্রমুখ।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদের উপর জুলুম অত্যাচার চালিয়ে হত্যা চালিয়ে যাচ্ছে। তাদের এ নির্মম হত্যাযজ্ঞ থেকে শিশু,নারী, আবাল, বৃদ্ধ বণিতাসহ নিরীহ জনতা কেহই রেহায় পাচ্ছে না।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে আমরা কেউ আর ইসরাইলী পণ্য ব্যবহার করবো না। এখন থেকে কোক,ফান্টাসহ সকল ধরনের ইসরাইলের পণ্য বর্জন এবং সরকারকে ইসরাইলী পণ্য আমদানি বন্ধের আহবান জানিয়ে দোকানদার ভাইদেরকেও ইসরাইলী পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ জানানো হয়। সবশেষে দোয়া পরিচালনা করেন, শিবালয় থানা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মাজিদ।

নান্দাইল (ময়মনসিংহ) : ফিলিস্তিনে গাজায় ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে নান্দাইল উপজেলা সদর ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ‘মুসলমান ভাইয়ের উপর হামলা কেন, জাতিসংঘ জবাব দে’ স্লোগান সহ বিভিন্ন স্লোগানে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তারা গণহত্যা বন্ধসহ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায়। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নান্দাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

মুরাদনগর

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসার পূর্ণরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে কুমিল্লার মুরাদনগর উপজেলা শ্রীকাইল ইউনিয়ন বড়িয়াচড়া গ্রামের বাজারে গতকাল শুক্রবার বাদ জুম্মা নামাজ শেষে ৫টি মসজিদের মুসল্লী, গ্রামবাসী, যুবসমাজ ও ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল করেন। বড়িয়াচড়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম হাফেজ জসিম উদ্দিন, বড়িয়াচড়া গ্রামের পূর্ব পাড়া জামে মসজিদ ইমাম মাওলানা মোঃ ইয়াসমিন, বড়িয়াচড়া পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইউনুস, বড়িয়াচড়া সরকার বাড়ী জামে মসজিদ ইমাম মুফতি মোঃ মাজহারুল মাহদি, সাম ব্যাপারি বাড়ী জামে মসজিদ ইমাম মাওলানা মোঃ নজরুল ইসলাম, ইউপির সদস্য মাকসুদুল ইসলাম মাসুক, শিক্ষানুরাগী সমাজ সেবক মোঃ সাইদুল ইসলাম, সাবেক সার্জেন্ট মোঃ ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আঃ রহিম, সুলতান আহম্মেদ কিন্ডারগার্টেন পরিচালক মাহবুব আলম রানা, মোঃ নূরে আলম ও মোঃ আবুল কাশেম মন্টু মোল্লা ও শিক্ষার্থীরা।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : সরাইল উপজেলা মার্চ ফর গাজা ও বৈষম্যবিরোধী ব্যানারে তুমি কে আমিকে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগানে মাথায় কালেমা খচিত ফিতা হাতে ফিলিস্তিনের পাতাকা নিয়ে সরাইল সরকারি কলেজ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে ফিলিস্তিনের পাতাকা হাতে নিয়ে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। গাজার গণহত্যা বন্দের দাবিতে ইসরাইলের পণ্য বর্জনের দাবিতে প্লেকার্ড নিয়ে অংশ নেন। পথ সভায় বক্ত রাখেন মোঃ নয়ন মিয়া, মৃদুল, মারিয়া, আশিক, লাইল, হৃদয় সহ আরো অনেকে।