লালমনিরহাটে একাধিক নাশকতা ও হত্যা মামলার পলাতক আসামী, আওয়ামী লীগের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। লালমনিরহাট ডিবি পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বুধবার ৮ এপ্রিল রাতে গ্রেফতার করেন তাকে।
তিনি লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার বাসিন্দা এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা শাখার সভাপতি।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় হত্যা মামলা এবং লালমনিরহাট সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা উল্লেখযোগ্য।
এছাড়াও ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামী।
পুলিশের দেয়া তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ৯ এপ্রিল দুপুরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জেলা ডিবি পুলিশের ওসি সাদ আহমেদ গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করেছেন।