সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডানতীর রক্ষা বাঁধের ওপর দিয়ে ট্রাক্টর চালানোর দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি উপজেলার মুন্সীরহাট ও নলছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— স্থানীয় আওয়ামী লীগ নেতা সবুজ মিয়া (৪২) এবং মুন্সিরহাট ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল আমিন (৩৭)।
সাঘাটা থানার ওসি মো. মাহবুব আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও ভারী ট্রাক্টরে পরিবহন করে আসছিল, যার ফলে ২৫ কোটি টাকার বাঁধটি মারাত্মক ফাটল ও ধসের হুমকিতে পড়ে। গ্রেপ্তারকৃত সবুজ মিয়া একজন চিহ্নিত বালুদস্যু। গত বছর অবৈধ বালু উত্তোলনের দায়ে সেনাবাহিনীর অভিযানে আটক হয়ে তিনি ৫ লাখ টাকা জরিমানা দিলেও পুনরায় নদী দখল ও বালু লুটপাটে লিপ্ত হন।
সম্প্রতি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরিবেশ ও বাঁধ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মো. মাহবুব আলম।