গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ও রহনপুর ইউনিয়নের বাসিন্দা দু'জন শিক্ষার্থী সদ্য মেডিক্যাল কলেজে ভর্তির জন্য মনোনীত হওয়ায় তাদেরকে ডেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে শিক্ষার্থী সুমাইয়া ও হাবিবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে তার সাথে সাক্ষাৎ করে। তাদের সাক্ষাৎ এর বিষয়টি সমন্বয় করেন উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর এর সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ। এসময় উপস্থিত ছিলেন, সুমাইয়া খাতুনের শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর জ্ঞানচক্র একাডেমির পরিচালক ও রহনপুর মহিলা কলেজের প্রভাষক সারওয়ার হাবিব, হাবিবা খাতুনের শিক্ষা প্রতিষ্ঠান আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল্লাহ, সাংবাদিক নাহিদ, নুর মোহাম্মদ, সামিরুল ইসলাম ও সুমাইয়ার পিতা মোঃ সাজেমান আলী। সুমাইয়া রহনপুর ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক এর গন্ডি পার হয়ে রহনপুর জ্ঞানচক্র একাডেমী থেকে এসএসসি পাস করে। এরপর রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বাসায় বসে মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুমাইয়া জানায়,ভর্তির জন্য সে কোন কোচিংয়ের সাহায্য নেয় নাই। সে বাসায় বসে নিজে চেষ্টা করে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে নওগাঁ মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা বলেন, শিক্ষার্থী সুমাইয়া ও হাবিবার ফলাফলে গোমস্তাপুর উপজেলাবাসী গর্বিত। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এ দুজন শিক্ষার্থীর মেডিক্যাল এ ভর্তি ফিসহ অন্যান্য আনুষঙ্গিক খরচের যোগান দিবে গোমস্তাপুর উপজেলা প্রশাসন। তাছাড়া তাদের পাশে সবসময় থাকার বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।