খুলশী সেগুনবাগানে ইসলামী পাঠাগারে রাত সাড়ে ৯টার দিকে হামলা চালিয়ে ভাঙচুর এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেক্টরের চলমান সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর।

গতকাল বুধবার এক বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী বলেন, এই সন্ত্রাসী হামলায় মহানগর কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবীসহ অন্তত ৮ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন, যা একটি ন্যক্কারজনক, পরিকল্পিত ও বর্বরোচিত ঘটনা।

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা যুবদল ও ছাত্রদলের ব্যানারে সংঘবদ্ধ সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংগঠনিক কার্যক্রম দমনে এ ধরনের হামলা ফ্যাসিবাদী আচরণেরই বহিঃপ্রকাশ।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই সন্ত্রাসী কর্মকা-ের জবাব শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে দেবে এবং তা হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধের মতোই কঠোর ও শক্তিশালী। সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

বিবৃতিতে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায়, শ্রমিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।