জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) গাজীপুরের উলুখোলাস্থ সিসিইউএলবি (CCULB) রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের ২০২৬-২৭ রোটারি বছরের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ভাওয়ালের নতুন সভাপতি হিসেবে রোটারিয়ান মোহাম্মদ মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট-৬৪, বাংলাদেশের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি) ইশতিয়াক এ জামান। অনুষ্ঠান পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন পাস্ট প্রেসিডেন্ট (পিপি) মোহাম্মদ আলী হোসাইন, পিএইচএফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং রোটারি ইন্টারন্যাশনালের আহ্বান পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। এ সময় ২০২৫-২৬ রোটারি বছরের বিভিন্ন সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং বিগত বছরে বিশেষ অবদান রাখা সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে বিদায়ী সভাপতি আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন সভাপতির গলায় কলার পরিয়ে দিয়ে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। একই সঙ্গে ২০২৬-২৭ রোটারি বছরের নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের দায়িত্ব অর্পণ করা হয়। এ ছাড়া নতুন সদস্যদের রোটারি পরিবারের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়।
প্রধান অতিথি পিডিজি ইশতিয়াক এ জামান তাঁর বক্তব্যে বলেন, রোটারি একটি আন্তর্জাতিক মানবসেবামূলক সংগঠন, যার মূল শক্তি মানবকল্যাণে নিঃস্বার্থ সেবা। তিনি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে রোটারিয়ানদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, রোটারির প্রতিটি উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ভাওয়ালের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি ও সদস্য, আমন্ত্রিত অতিথি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ধন্যবাদ জ্ঞাপন, সচিবের ঘোষণা এবং সার্জেন্ট-অ্যাট-আর্মসের রিপোর্ট উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, রোটারি ক্লাব অব ভাওয়াল দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ১৪তম অভিষেকের মাধ্যমে নতুন নেতৃত্ব সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে।