শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : গাজায় বর্বরোচিত গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ওলামায়ে কেরাম। শনিবার বিকেলে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থী, যুবক ও স্থানীয় জনসাধারণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সড়কে নেমে এসে বিক্ষোভ মিছিলে যোগ দেন। বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের পাশে দাঁড়াও, ইসরায়েলী হামলা বন্ধ কর ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নবীবুর রহমানের সভাপতিত্বে ও শিবগঞ্জ কাঁচা বাজার জামে মসজিদের ইমাম আবদুর রউফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আবদুর রউফ ও উপজেলা মডেল মসজিদের ইমাম উমর ফারুকসহ অন্যরা। বক্তারা বলেন, গুজরাটের কসাই মোদি একের পর এক মুসলিমদের অধিকার খর্ব করছে। তারা মুসলমানদের ঘর-বাড়ি ভেঙে দিচ্ছে। উচ্ছেদ করছে তাদের জন্মস্থান থেকে। সর্বশেষ ওয়াকফ বিল পাস করে ভারতে মুসলমানদের অধিকার খর্ব করছে। এর প্রতিবাদ করতে গিয়ে সমগ্র ভারতে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। তাদের হত্যা করা হচ্ছে। এর পরিণতি ভারতকে ভোগ করতে হবে।
বক্তারা আরও বলেন, গাজাকে আজ পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের বিজয় গাজাতেই হবে। ইসরায়েল তাদের পাপের ফল ভোগ করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের মোকাবিলা করুন। বিশ্ব মুসলমান একত্র হলে ইহুদিসহ মুসলমানদের শত্রুরা নিশ্চয় পরাজিত হবে। পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে মোদীর কুশপত্তলিকা দাহ করা হয়।
দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়
দিনাজপুর অফিস: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী ‘গণসংযোগ পক্ষ’ উপলক্ষ্যে দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বী ভাইদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর লিঃ এর পরিচালক অধ্যাপক এ এস এম ইব্রাহীম, জামায়াত নেতা তৈয়ব আলী, দিনাজপুর সদর উপজেলা আমীর প্রভাষক মেহরাব আলী। দিনাজপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সোহেল রানা ও এ্যাড তোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মানবেন্দ্র দাস মনোজ, জুয়েলারী মালিক সমিতির সাবেক সভাপতি অনিল কর্মকার, ধর্মপক্ষের মুখপাত্র দেবারূপ সাহা প্রমুখ।
সভায় বক্তারা জামায়াতে ইসলামীর ভুয়ষী প্রশংসা করেন। বিশেষ করে এই আয়োজনের জন্য জামায়াতের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সনাতন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এ দেশ আমাদের সবার। আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই একযোগে দেশের কল্যাণে কাজ করবো। ধর্মভেদে ভেদাভেদ সৃষ্টি করে একটি মহল এতোদিন ফায়দা লুটার চেষ্টা করেছে। এখন সবাই সচেতন। কোনো একটি পক্ষ যাতে এমন সুযোগ নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। মতবিনিময় সভা শেষে জামায়াতের কর্মসূচী ও বক্তব্যে উদ্ধুদ্ধ হয়ে বেশ কয়েকজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগ দেন।