নেত্রকোনার মদন উপজেলার কোটি টাকা ব্যয়ে নির্মিত কাইটাইল ইউনিয়নে বেরুয়া খালের উপর গার্ডার সেতু উদ্বোধনের এক বছর যেতে না যেতেই দুই পাশের সংযোগ সড়ক ধসে গেছে। সামনের বর্ষায় সেতুটি ব্যবহারের অনুপযোগী হওয়ার আশঙ্কা রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচির ২০২২-২৩ অর্থ বছরে প্রক্কলিত অর্থ ৯৬ লাখ ২৭ হাজার ২৬৩ টাকা। যার চুক্তি মূল্য ছিল ৯১ লাখ ৪৫ হাজার ৮৯৯ টাকা। নেত্রকোনার মেসার্স শেখ সাদিক আদনান নূর এন্টার প্রাইজ কারলি, চল্লিশাহ নামীয় প্রতিষ্ঠানটি এর সম্পন্ন করে।

স্থানীয় জনগণ ও প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, এ খালের ওপর সেতুটির উদ্বোধন হয় ৮/৯ মাস আগে। সেতুটি চালু হওয়ায় শতশত মানুষের যোগাযোগ সহজ¦ হয়। শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, সংযোগ সড়কের দুই পাশের এ্যাপ্রোচ ভেঙে গেছে। ভারী যানবাহন চলাচলের অনুপযোগী। দু’পাশের এ্যাপ্রোচ ধসে যাওয়ায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। উপজেলার কাইটাইল গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, আওয়ামী সরকারের ঠিকাদারগণ এ নিম্নমানের সেতুটি তৈরি করে। সেতু তৈরির শুরু থেকেই ছিল অনিময়। বিষয়টি নিয়ে কয়েক জায়াগায় কথা হলে কোন সুরাহা পাওয়া যায়নি। মূলত উদ্বোধনের ৩/ ৪ মাসের মাথায় সেতুর সংযোগ সড়কে ধস শুরু হয়েছে। চলতি বছরে টানা বৃষ্টিতে সড়ক দেবে এপ্রোচ ধসে গর্ত তৈরি হয়েছে। সেতুটি যে কোন সময় ব্যবহারের অনুপযোগী হয়ে যেতে পারে। সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারছে না। এতে মানুষের চরম ভোগান্তি হচ্ছে।

ঠিকাদার শামীম জানান, অনেক আগে আমি এ সেতু কাজ শেষ করেছি। আপনারা কোন কিছু জানতে চাইলে প্রকল্প অফিসে জানেন।

এ বিষয়ে আমার কিছু বলার নেই। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, টানা বৃষ্টিতে সংযোগ সড়কের বিভিন্ন অংশ ধসে গেছে। আমরা টি আর কাবিখার মাধ্যমে সেতুর সংযোগ সড়কটি মেরামতের ব্যবস্থা করব।