সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ সরশকাঠি দাখিল মাদরাসার ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় কলারোয়া ১নং জয়নগর ইউনিয়নের সরশকাঠি দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি অভিযোগ করে বলেন, বিগত পলাতক সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নকে থামিয়ে রাখতে প্রয়োজনীয় অবকাঠামোগত বরাদ্দ দেয়নি। তবে বর্তমান সরকার শিক্ষার প্রতিটি খাতে সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং মাদরাসা শিক্ষার উন্নয়নেও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, নতুন এ চারতলা ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে, যা তাদের মানসম্মত শিক্ষা অর্জনে সহায়ক হবে। ভবিষ্যতে এ মাদ্রাসাকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।