গোদাগাড়ী (রজিশাহী) সংবাদদাতা: রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন। তিনি ২০২৪ সালের ৭ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্ট নিষ্পত্তিতে একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন। তার দৃঢ় নেতৃত্ব ও পেশাদারিত্বের ফলে গোদাগাড়ী থানার সার্বিক পরিস্থিতি এখন রাজশাহী জেলার মধ্যে অন্যতম স্থিতিশীল ও নিয়ন্ত্রিত হিসেবে বিবেচিত হচ্ছে।

অল্প সময়েই তার কর্মদক্ষতা এবং দৃষ্টান্তমূলক সেবার স্বীকৃতিস্বরূপ তিনি রাজশাহী জেলা এবং পরবর্তীতে রাজশাহী রেঞ্জ (বিভাগ) পর্যায়েও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। সর্বশেষ পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মান আইজিপি পদক-এ ভূষিত হন ওসি রুহুল আমিন।

তার নেতৃত্বে গোদাগাড়ী থানায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এ পর্যন্ত থানায় ৪৩টি মাদক মামলা রুজু করা হয়েছে এবং ৫৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৭ কেজি ৯৯৫ গ্রাম হেরোইন, ১৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ১২৭ বোতল ফেনসিডিল, ২১৫২ পিস ইয়াবা, ১৮০ লিটার চোলাইমদ এবং ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব অভিযান গোদাগাড়ী থানাকে মাদক নির্মূলে কার্যকর একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। এছাড়া রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে ওসি রুহুল আমিনের নেতৃত্বাধীন পুলিশ টিম বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ৫৪ জন রাজনৈতিক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওয়ারেন্ট বাস্তবায়নেও গোদাগাড়ী থানা অসাধারণ সাফল্য দেখিয়েছে। চলতি সময়ে ২৯৩টি জি.আর. ওয়ারেন্ট, ৩৪৯টি সি.আর. ওয়ারেন্ট, ২৫টি জি.আর. সাজা ওয়ারেন্ট এবং ১০১টি সি.আর. সাজা ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মোহাম্মদ রহমতুল্লাহর মতে, গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন সাহেব আসার পরে এখানে আইন-শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। এছাড়াও স্থানীয় জনসাধারণের মধ্যে আইন-শৃঙ্খলা নিয়ে সন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। গোদাগাড়ীকে সন্ত্রাসের অভয়ারণ্য থেকে রক্ষা করার জন্য ওসি রুহুল আমিন ব্যাপক অবদান রাখছেন বলে স্থানীয়রা মনে করে। এছাড়া সেবা গ্রহণের প্রক্রিয়া অনেক সহজ হয়েছে বলে জনসাধারণের সাথে কথা বলে জানা যায় ।