নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের মোজামের মোড় এলাকায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের বিরুদ্ধে মায়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর আলম ওই এলাকার মৃত জয়নাল হোসেন ও নুরজাহান বেগমের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোনদের সঙ্গে জমি ভাগাভাগি নিয়ে বিরোধে জড়িয়ে ছিলেন নুর আলম। এ নিয়ে পরিবারে উত্তেজনা চলছিল।
ঘটনার দিন বিকেলে বিরোধ চরম আকার ধারণ করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নুর আলম তার মায়ের বসতঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন পরিবার ও স্থানীয়রা। ভুক্তভোগী নুরজাহান বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে জুয়ায় আসক্ত, যা তার আচরণে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে তিনি মনে করেন।
আগুন লাগার পর দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে আগুন। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত নুর আলম পলাতক রয়েছে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে বিষয়টি জানা মাত্র পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করেন।