খুলনা জেলার তেরখাদা উপজেলায় বোরাধানে ক্ষতিকর পোকা দমনে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একযোগে গত ৬ এপ্রিল সন্ধ্যায় ১৮টি কৃষি ব্লকে আলোক ফাঁদ স্থাপন করা হয়। নিরাপদে ফসল ঘরে তোলার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়, যা কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। উপজেলার ৬টি ইউনিয়নে স্থাপিত এসব আলোক ফাঁদ দেখতে শত শত মানুষ/কৃষকের ঢল নামে। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত পরিচালিত এ ফাঁদে আলোতে আকৃষ্ট হয়ে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় এসে জমা হয়। ফলে সেগুলো সনাক্ত ও দমন করা সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে আলোর ফাঁদ ব্যবহারের মাধ্যমে ক্ষতিকর পোকা যেমন মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, কারেন্ট পোকা কমানো যায়। একই সংগে উপকারী পোকামাকড় সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

এ ব্যাপারে তেরখাদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার কৃষকদের উদ্দেশ্যে বলেন, আলোকফাদ একটি পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী পদ্ধতি যা রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে সহায়তা করে। তিনি, কারেন্ট পোকা দমন, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি), ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট, ব্লাস্ট রোগ ও মাজরা পোকার আক্রমন প্রতিরোধ ও সময়োপযোগী করণীয় সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেন।