পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা : হাত-পা বাঁধা অবস্থায় কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরি নদী থেকে মুজিবুর রহমান (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে পেকুয়া থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা মুরারপাড়া এলাকার নদীর চর থেকে তার লাশ উদ্ধার করে। নিহত মুজিব চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। পেশায় তিনি টমটম চালক।
জানাগেছে, মুরার পাড়া সকাল ১১টার দিকে মাতামুহুরি নদীর চরে কাঁদার ওপর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেওয়া হয়। ততক্ষণে নদীতে জোয়ার আসা শুরু করে। পেকুয়া থানা পুলিশ ও নৌ পুলিশের সহায়তায় দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এসময় বেড়িবাঁধ থেকে একটি টমটম গাড়িও উদ্ধার করা হয়েছে।
নিহত মুজিবের চাচা জিয়াউর রহমান বলেন, মুজিব সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তার খদিস মেলেনি। সকালে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতামুহুরি নদীর চরে অজ্ঞাত ব্যক্তির লাশের খবর ছড়িয়ে পড়লে তার লাশ চিহ্নিত হয়।
তিনি আরো বলেন, গত তিন মাস আগে ধার দেনা করে টমটম গাড়িটি ক্রয় করে। তার বাবা ওমান প্রবাসী হলেও পরিবারে অভাব অনটনের টানাপোড়েন চলছে। অটোরিক্সা চালিয়ে পরিবারের খরচ চালাতেন মুজিব। তার ধারণা মুজিবকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় দুষ্কৃতিকারীরা। অটোরিকশাটি বেড়িবাঁধের উপর পাওয়া গেছে। তবে ব্যাটারী খুলে নিয়ে গেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, লাশ নৌ পুলিশ নিয়ে গেছে। আমরা তাদের কেবলমাত্র সহায়তা করেছি। লাশের হাত-পা বাঁধা ছিল।