নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ছাগল ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কৃষকদের মাঝে বিনা মূল্যে আউস ধান বীজ, পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
সম্প্রতি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং কৃষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।
তিনি আরও ঘোষণা দেন, কৃষকদের দীর্ঘমেয়াদী সুবিধা নিশ্চিত করতে আগামী ১লা বৈশাখ সারাদেশে আনুষ্ঠানিকভাবে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করা হবে।