পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের একটি ফিলিং স্টেশনে পেট্রোল নেওয়ার সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মোটরসাইকেল চালকরা পেট্রোল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে বিএনপি নেতা আজহার আলীর ছেলে রেজোয়ানের সাথে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেজওয়ান ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।

এতে জাহিদ (১৫), কাওসার (১৬) ও সিহাব (১৭) আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কাওসারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।