রাজশাহীতে এখন সর্বোচ্চ তাপমাত্রা চলছে। এই তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রিতে উঠানামা করছে। এর ফলে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।

গত বুধবার দুপুর তিনটায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস এটিকে মাঝারি দাবদাহ বলছে। এদিকে, তীব্র গরম আর রোদের কারণে জনজীবনে ব্যাপক ভোগান্তি নেমে আসে। সেই সঙ্গে বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা। তীব্র গরমের মধ্যে গড়ে ৬-৭ ঘন্টারও বেশি বিদ্যুতহীন থাকছে রাজশাহী। এতে ভোগান্তি আরো বেড়েছে। গরমে হাসফাস করছে মানুষসহ প্রাণীকূল। রাজশাহী আবহাওয়া অফিসের সূত্র জানায়, এ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বুধবার দুপুর তিনটায়। ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৫৩ বছর পরে ২০২৪ সালের ৩০ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, তীব্র গরমে রাজশাহীর প্রাণীকুলে নেমে আসে অস্থিরতা। দুপুরে পিচঢালা পথ দিয়ে যেন আগুনের হলকা উঠছে। চোখ-মুখে আগুনের তাপের মতো গরম গিয়ে বিধছে।

রাজশাহীর আশেপাশের জেলাতেও একই অবস্থা। পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে টানা কয়েকদিনের এই তাপপ্রবাহে বেড়েছে মানুষের ভোগান্তি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। সেই হিসাবে রাজশাহীতে আজ বুধবার তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।