সিলেটে হাম আক্রান্ত দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামে আক্রান্ত হয়ে সিলেটে এটিই প্রথম মৃত্যু।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দু’দিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, সিলেট বিভাগে হাম ও রুবেলার পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বো”চ ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। বিভাগে এ পর্যন্ত মোট ৩৭ জন রোগীর হাম সনাক্ত হয়েছে। এছাড়া ওসমানী হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।
এদিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ১০ শয্যার একটি আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি শিশুদের মধ্যে হাম রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আক্রান্ত রোগীদের আলাদা রেখে যথাযথ চিকিৎসা দেওয়া যায়।
তিনি বলেন, আইসোলেশন ইউনিট চালুর ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং অন্যান্য রোগীদের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে হাম রুবেলা রোগে আক্রান্ত হয়ে মোঃ তানভীর (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ মৃত্যুর ঘটনা ঘটে। শিশু তানভীর ওই এলাকার মো: হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় স্কুল শিক্ষক ওসমান গনি বলেন, শিশু তানভীর দীর্ঘদিন ধরে হাম রোগে আক্রান্ত হয়ে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরবর্তীতে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পরামর্শ দেন। এরই মধ্যে পরিবার শিশুটিকে গতকাল রোববার (৫ এপ্রিল) রাতে বাড়িতে নিয়ে আসলে আজ সোমবার সকালে সে মারা যায়। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।