ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রমে নতুন সাফল্য অর্জিত হয়েছে। হারিয়ে যাওয়া ও প্রতারণার শিকার হওয়া ৫৭টি মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬৩ হাজার ৪৫২ টাকা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, অনলাইনভিত্তিক অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখতে ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়। এই সেলের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সংঘটিত অপরাধ শনাক্ত করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সাইবার সেলের তথ্যমতে, তারা ই-কমার্স প্রতারণা, বিকাশ জালিয়াতি, ফেসবুক হ্যাকিং, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার এবং টিকিট সংক্রান্ত প্রতারণাসহ নানা ধরনের অপরাধ দমনে কাজ করছে।
পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলমের নির্দেশনায় পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন স্থান ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন এমএফএসের মাধ্যমে প্রতারণার শিকার ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্থও উদ্ধার করা সম্ভব হয়েছে।
এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক ও টেলিগ্রামের মাধ্যমে সাইবার অপরাধের শিকার হওয়া ৩৩ জন ভুক্তভোগীকে তাৎক্ষণিক সহায়তা প্রদান এবং ৭ জনের গুরুত্বপূর্ণ ডেটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে সাইবার সেল।