রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনে হাজার হাজার কৃষক ডিজেল কিনতে আসলে শ্যালোমেশিন ছাড়া কারো কাছে তেল বিক্রি হবে না এমন মন্তব্যে বিক্ষুব্ধ হয়ে পড়েন রৌমারী উপজেলার কৃষকরা।
শুক্রবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে এ কথা বলেন এসিল্যান্ড রাফিউর রহমান। এ সময় উপস্হিত কৃষকরা উত্তেজিত হয়ে এসিল্যান্ডকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, শুক্রবার দুপুর থেকে ডিজেল বিক্রির কথা থাকলেও সন্ধ্যায় পাম্পে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান শ্যালো মেশিন ছাড়া তেল বিক্রি করবেন না বলে মাইকে ঘোষণার পর সাধারণ কৃষকরা বিক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত কৃষক এসিল্যান্ডকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।পরে পুলিশ সদস্যরা এসিল্যান্ডকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে অবস্থা বেগতিক দেখে কৃষকদের কাছে ডিজেল বিক্রি করতে বাধ্য হয় পাম্প কর্তৃপক্ষ।
ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম বলেন, কৃষকরা কিছুটা উত্তেজিত হয়েছিল। পরে ডিজেল দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।