কুষ্টিয়ার খোকসায় পৌরসভা মেয়র পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজুর দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি খোকসা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুরম, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী এ জেড জি রশিদ রেজা বাজু, আহত রাজুর মেঝ ভাই ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সাইদুর রহমান মন্টু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। পরে বিক্ষোভকারীরা খোকসা বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আল্টিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে এসপি সার্কেলসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাতে খোকসা থানাপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে নাফিজ আহমেদ খান রাজুর ওপর সশস্ত্র হামলার অভিযোগ ওঠে। হামলায় গুরুতর আহত হয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন।