বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাজীপুরে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী চত্বরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা এবং বৈশাখী মেলার বর্ণিল আয়োজন। চৈত্র সংক্রান্তির আবহ থেকে শুরু করে পহেলা বৈশাখ পর্যন্ত ধারাবাহিক এই আয়োজন গাজীপুরবাসীর কাছে পরিণত হয় এক প্রাণের উৎসবে, যেখানে ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অপূর্ব মিলন ঘটেছে।

ভোরের আলো ফুটতেই ঢাক-ঢোলের তালে, রঙিন পোশাক, নকশা করা মুখোশ, আলপনা ও লোকজ ঐতিহ্যের নানা উপকরণে সজ্জিত শোভাযাত্রা বের হয়। এতে শিশু-কিশোর, তরুণ-তরুণী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা যেন বাঙালির চিরায়ত সংস্কৃতি ও আনন্দ-উচ্ছ্বাসের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও লোকজ পরিবেশনা দর্শনার্থীদের মুগ্ধ করে। একইসঙ্গে বৈশাখী মেলাও উৎসবের অন্যতম আকর্ষণে পরিণত হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ-হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, পিঠা-পুলি, দেশীয় খেলনা এবং বিভিন্ন স্টল দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।

মেলার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গাজীপুর মোঃ নূরুল করিম ভূঁইয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ তাহেরুল হক চৌহান, পুলিশ সুপার গাজীপুর মোঃ শরিফ উদ্দীনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দের সম্মানে এক আন্তরিক বৈশাখী আপ্যায়নের আয়োজন করেন পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোঃ ইসরাইল হাওলাদার। এ আয়োজন উৎসবের আনন্দকে আরও সম্প্রসারিত করে এবং বিভিন্ন মহলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে।

এ সময় পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, 'বাংলা নববর্ষ আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব। এই দিনটি মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনকে আরও সুদৃঢ় করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সবসময়ই জনগণের পাশে থেকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গাজীপুরকে একটি সহনশীল, সম্প্রীতিপূর্ণ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। এই বৈশাখী আপ্যায়নের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন আরও দৃঢ় করতে চাই, যাতে ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি।'

জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়, সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন।

পুরো আয়োজনজুড়ে ছিল সম্প্রীতি, ঐতিহ্য ও নতুন বছরের নতুন প্রত্যয়ের বার্তা। ভাওয়াল রাজবাড়ী প্রাঙ্গণ যেন রূপ নেয় এক প্রাণের মিলনমেলায়।

পুরনো বছরের সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন আশার আলো নিয়ে নতুন বছরকে বরণ করে নেয় গাজীপুরবাসী।

###

মোঃ রেজাউল বারী বাবুল

স্টাফ রিপোর্টার, গাজীপুর।

১৪/০৪/২০২৬ ইং