চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আয়াত (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনার টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়াত ওই এলাকার মোহাম্মদ আজমের ছেলে। সে স্থানীয় মনসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আয়াত। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে আয়াতের মরদেহ ভাসতে দেখতে পান স্বজনরা। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে।
আয়াতের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক।