গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে ইউসুফ (৯) ও জুনাইদ (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু স্থানীয় তহুরউদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল। স্কুল থেকে বাড়ি ফেরার পর খেলতে বের হয়ে দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরপাড়ে ইউসুফের জুতা পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান শুরু করে। পরে সন্ধ্যায় পানির নিচ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গড়কড়া গ্রামের এমদাদুল হকের ছেলে এবং জুনাইদ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে। তাদের বাবা-মা শ্রীপুরের মুলাইদ এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় বিভিন্ন কারখানায় কাজ করেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল করিম দুই শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।