চট্টগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিংয়ের বিষয়ে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। তিনি বলেছেন, জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার এবং দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজ (রোববার) পুলিশ সুপারের কার্যালয়, নাসিরাবাদ, চট্টগ্রামের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
সভায় পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পুলিশ কাজ করবে বলেও তিনি জানান।
তিনি বলেন, পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সমাজে অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সত্যভিত্তিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
পুলিশ সুপার আরও উল্লেখ করেন, চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে আগ্রহী। তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মতামত, প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে তথ্যপ্রাপ্তি সহজ করা, দ্রুত যোগাযোগ ব্যবস্থা, মাঠপর্যায়ে সহযোগিতা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ-সাংবাদিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার এসব মতামত গুরুত্বসহকারে শোনেন এবং বলেন, পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে একযোগে কাজ করতে হবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভাটি ছিল সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক এবং ভবিষ্যৎ সমন্বিত কাজের প্রত্যয়ে ভরপুর।