স্বৈরাচারের স্বৈরাচার হওয়ার খায়েশ জাগলে, জনগণের স্বৈরাচার তাড়ানোর খায়েশ জাগবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, ক্ষমতায় বসার মাত্র দুই মাসের মাথায় সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পথে হাঁটা শুরু করেছে। সরকার হয়তো ভুলে গেছে কীভাবে ক্ষমতায় বসেছে। যেই ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে সরকার ক্ষমতায় বসেছে সেই ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেঈমানীর শামিল হচ্ছে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করা।
তিনি বলেন, সরকার মুখে বলছে জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করবে কিন্তু বাস্তবতায় তার কোনো মিল নেই। যদি সরকার জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালনই করে তবে কেন সরকার দলীয় সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। তিনি বলেন, সরকারের এক মন্ত্রী সবজান্তা। ঐ মন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন, আইনমন্ত্রীর পক্ষে কথা বলেন, স্বাস্থ্য মন্ত্রীর পক্ষে কথা বলেন। মনে হয় তিনিই এককভাবে সরকার পরিচালনা করছেন। আর ঐ মন্ত্রী সবাইকে সংবিধানের ছবক দিচ্ছেন। তিনি মনে করেন তিনি ছাড়া আর কেউ আইন বুঝে না, সংবিধান বুঝে না।
গত রোববার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল “সবুজ প্যানেল”-এর প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত হলেও আদালতের ঘাড়ে বন্ধুক রেখে জামায়াতে ইসলামীর ওপর সর্বোচ্চ অবিচার করা হয়েছে। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যা করা হয়েছে। বিচারের নামে অবিচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আইনজীবীদের ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিতে হবে। এজন্য তিনি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে আইনজীবীদের সবুজ প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে সবুজ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট মো. ইউসুফ আলীর সভাপতিত্বে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলরুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, সেক্রেটারি জেনারেল এডভোকেট মো. মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখা সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন মিঠু, সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী এডভোকেট আব্দুল বাতেন, সবুজ প্যানেলের সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট এ.কে.এম রেজাউল করিম খন্দকার, সহকারী সেক্রেটারি পদপ্রার্থী ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট ড. হেলাল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন যথাক্রমে এডভোকেট এস. এম কামাল উদ্দিন, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট মনির হোসেন, এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এডভোকেট আবু বক্কর সিদ্দিক, এডভোকেট শামসুজ্জামান, এডভোকেট মাঈন উদ্দিন, এডভোকেট শাকিল উদ্দিন, এডভোকেট পারভেজ হোসাইন প্রমুখ।
সভায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা এটিএম আজহারুল ইসলাম এমপি, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচন ২০২৬/২৭-এ আইনজীবী ঐক্য প্যানেল “সবুজ প্যানেল” এর প্রার্থীদের নাম ও পরিচয় ঘোষণা করেন। সবুজ প্যানেলের ঘোষিত প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদপ্রার্থী আব্দুল বাতেন (ব্যালট নং-০২), সহ-সভাপতি পদপ্রার্থী মো. আব্দুল হক (ব্যালট নং-০১), সহ-সভাপতি পদপ্রার্থী মাঈন উদ্দিন ফারুকী (ব্যালট নং-০৪), সেক্রেটারি পদপ্রার্থী এ.কে.এম রেজাউল করিম খন্দকার (ব্যালট নং-০১), সহকারী সেক্রেটারি পদপ্রার্থী মো. তরিকুল ইসলাম (ব্যালট নং-০২), সহকারী সেক্রেটারি পদপ্রার্থী জুবায়ের আহমেদ ভূঁইয়া (ব্যালট নং-০৫), ট্রেজারার পদপ্রার্থী এস.এম জাহাঙ্গীর আলম (ব্যালট নং-০২), সদস্য পদপ্রার্থী যথাক্রমে আজিম উদ্দিন পাটোয়ারী (ব্যালট নং-০৩), ফারজানা খানম (ব্যালট নং-০৪), ইসরাত জাহান অনি (ব্যালট নং-০৬), মাহমুদুল হাসান (ব্যালট নং-০৮), মো. ফয়জুল্লাহ (ব্যালট নং-১০), মো. জুবায়ের তৈয়ব (ব্যালট নং-১১), মোহাম্মদ নাজিম উদ্দীন লিঙ্কন (ব্যালট নং-১৬)।