রিট আবেদনে বলা হয়, হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেয়ার সাথে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠন করা প্রয়োজন।

হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেয়ার অভিযোগ তুলে এ বিষয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসাথে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক সব উপদেষ্টা ও সংশ্লিষ্ট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিট আবেদন দায়ের করেন।

রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদি করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেয়ার সাথে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠন করা প্রয়োজন।

এর আগে, গত ৬ এপ্রিল এ বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়।

সেদিন ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, সারাদেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি বলেন, হামের টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয় খাত থেকে বেসরকারি খাতে দেয়ার ‘অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডে’ জড়িতদের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়।