ঢাকার এক আদালত ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ব্যবসায়ী মোশাররফ হোসেন ২০০১ সালে রাজধানীর বারিধারায় একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশা সিদ্দিকের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ফ্ল্যাটটির বিক্রয়মূল্য প্রায় ৮০ লাখ টাকায় সমঝোতা হয় এবং তার অংশ হিসেবে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি। পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও ব্যাংকে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়। এরপর দীর্ঘ সময়েও টাকা কিংবা ফ্ল্যাট—কোনোটিই বুঝে পাননি অভিযোগকারী।
মামলায় আরও উল্লেখ করা হয়, পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি তুললে বাদীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ মামলায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।