গাজীপুরের শ্রীপুরে টিকটকে পিস্তল সদৃশ বস্তু প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি এবং স্ত্রীকে হত্যার ভয় দেখিয়ে যৌতুক দাবির অভিযোগে মো. ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। গ্রেপ্তার ইমন উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের বাসিন্দা।
শ্রীপুর থানা পুলিশ জানায়, সম্প্রতি ইমন তার টিকটক আইডিতে পিস্তল সদৃশ একটি বস্তু প্রদর্শনের ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি পুলিশের নজরে আসার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয়। পরে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ইমনের বাড়িতে অভিযান চালায়।
অভিযানে ভিডিওতে প্রদর্শিত পিস্তল সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, উদ্ধার করা বস্তুটি কোনো আসল আগ্নেয়াস্ত্র নয়; এটি পিস্তলের আদলে তৈরি একটি লাইটার।
পুলিশের দাবি, ওই পিস্তল সদৃশ লাইটার দেখিয়ে ইমন এলাকায় ভয়ভীতি প্রদর্শন করতেন। একইভাবে স্ত্রী মোছা. তাহমিনাকেও পিস্তল দিয়ে হত্যার ভয় দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় তাহমিনা (২২) বাদী হয়ে ইমনের বিরুদ্ধে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, টিকটকে পিস্তল সদৃশ বস্তু প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি এবং যৌতুকের মামলায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।