রাজধানীর চকবাজার থানাধীন সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক ক্যাম্পাস প্রাঙ্গণে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময় গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এই ঘটনাটি ঘটে। সংঘর্ষের সময় অধ্যক্ষ মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন এবং পরে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচি পালনের সময় ছাত্রদল ছাত্রশিবিরের কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রদল নেতারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে শাসায়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের প্রভোস্টের পক্ষেও হামলা চালিয়েছিল ছাত্রদল। তারই ধারাবাহিকতায় আজ জগন্নাথে হামলা হয় এবং পরবর্তীতে এ সহিংসতা ঢাকা কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসাতেও ছড়িয়ে পড়ে। তাদের সহিংসতা থেকে সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হকও রেহাই পাননি। তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং তার মাথা ফেটে যায়।
ঘটনার পর থেকে মাদ্রাসা এবং এর আশেপাশের বকশীবাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।