বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাংস্কৃতিক সংগঠন বিকিরণ সাংস্কৃতিক সংসদের উদ্যোগে 'পলাশীর প্রান্তর থেকে উপনিবেশবাদ: ১৯০ বছরের অন্ধকার' শীর্ষক দেয়ালিকা প্রতিযোগিতার সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকিরণ সাংস্কৃতিক সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মুহাম্মদ নূরুল আমিন। তিনি উদ্বোধনী বক্তব্যে প্রতিযোগিতার উদ্দেশ্য ও ইতিহাসচর্চার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য এবং লোকপ্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম নাহিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক শাহীনুর রহমান। এছাড়া বক্তব্য দেন বিকিরণ সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক আবু সালেহ মুহাম্মদ হাবিবুল্লাহ।
বক্তারা বলেন, পলাশীর যুদ্ধের পর প্রায় ১৯০ বছরের ঔপনিবেশিক শাসন এ অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। উপনিবেশবাদ কেবল একটি শাসনব্যবস্থা ছিল না; এটি শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি ও মানুষের মানসিক কাঠামোকেও গভীরভাবে প্রভাবিত করেছে। ইতিহাসের এসব অধ্যায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণা, ইতিহাসচর্চা ও সৃজনশীল উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও মুক্তচিন্তার চর্চার মাধ্যমে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
প্রতিযোগীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন আবু সাইদ, ইমরান হোসেন এবং আলিফ খান বাপ্পি। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিকিরণ সাংস্কৃতিক সংসদের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।