গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভিসি অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্রের পারডিউ ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের অধ্যাপক ড. আহমেদ মুস্তফা এবং অবার্ন ইউনিভার্সিটির কলেজ অব এগ্রিকালচারের সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস। ড. আহমেদ মুস্তফার সার্বিক সহযোগিতায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় গাকৃবির ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. এস. এম. রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক ইব্রাহিম রশিদ এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ভিসি অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অগ্রগতি তুলে ধরে বলেন, টাইমস হায়ার এডুকেশন, ইউআরআই ও কিউএস র্যাঙ্কিংয়ে গাকৃবি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, কৃষি ও মৎস্য খাতে উদ্ভাবিত প্রযুক্তি এবং নতুন জাত উদ্ভাবনের বিষয়েও আলোকপাত করেন।
আলোচনায় যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়ন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, আধুনিক কৃষি ও জলজ প্রাণিসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় পারডিউ ইউনিভার্সিটি ও অবার্ন ইউনিভার্সিটির সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হলে ভিসি তা স্বাগত জানান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সহযোগিতা বাস্তবায়িত হলে গবেষণা, উদ্ভাবন, মানবসম্পদ উন্নয়ন এবং দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সাক্ষাৎ শেষে ভিসি বিদেশি অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন। পরে তারা গাকৃবির গবেষণা মাঠ, আধুনিক গবেষণাগার ও ফিশারিজ অনুষদ পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনার প্রশংসা করেন।