ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ‘তা'মীরুল মিল্লাত ট্রাস্ট’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ট্রাস্টের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। একই সাথে ট্রাস্টের নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মাহমুদুল হাসান।
গত মে মাসে এক বিশেষ সভার মাধ্যমে উক্ত নতুন কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।
তা'মীরুল মিল্লাত ট্রাস্টের নতুন কমিটি গঠন ও দায়িত্ব গ্রহণ করায় নবনিযুক্ত চেয়ারম্যান ও সেক্রেটারিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)।
গতকাল ২০ জুন তা'মীরুল মিল্লাতের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন টাকসু নেতৃবৃন্দ। এ সময় ছাত্র সংসদের পক্ষ থেকে নতুন নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মাদরাসার শিক্ষা ও প্রশাসনিক পরিবেশের সার্বিক উন্নয়ন মাদরাসার মাঠ, মসজিদ সংস্কার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু)'র ভিপি মঈনুল ইসলামসহ ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যক্ষ যাইনুল আবেদীন মাদরাসার গৌরবময় ঐতিহ্য ধরে রেখে একে আরও আধুনিক ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে ছাত্র সংসদসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।