ঢাকা কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি প্রস্তুতকালে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ও উভয় পক্ষের সংঘর্ষে শিবিরের অন্তত ২০ জন এবং ছাত্রদলের ৭ জনসহ মোট ২৭ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিবেদন লেখা পর্যন্ত শাখা ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি সোটা হাতে ঢাকা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মিছিল করছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভার সাজসজ্জা করার সময় এই হামলার ঘটনার সূত্রপাত হয়।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও আহতদের সম্মাননা অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কর্মসূচিকে সামনে রেখে দুপুর পৌনে ১টার দিকে কলেজের গ্যালারি-২-এর সামনে পোস্টার লাগানোর সময় হামলার ঘটনা ঘটে।

শিবিরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশাররফের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী এসে অতর্কিত হামলা চালায়। হামলায় শাখার অফিস সম্পাদক আব্দুল মালেক গুরুতর আহত হন। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন শেখ অভিযোগ করে বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালালে অন্তত ২০ জন আহত হন।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্রথম দফার ঘটনার পর দুপুর দেড়টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের আবাসিক হল এলাকায় অবস্থান নেন। পরে তারা অডিটোরিয়ামে কিছুক্ষণ অবস্থান করার পর কলেজের মূল ফটকের সামনে আবারও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের পর লাঠিসোঁটা হাতে ছাত্রদলের নেতাকর্মীদের কলেজের মূল ফটকের সামনে অবস্থান করতে দেখা যায়।