জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু, মেডিকেল সেন্টারের উন্নয়নের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে জকসু, শিবির, ইনকিলাব মঞ্চ ও ছাত্রশক্তিসহ কয়েকটি সংগঠন ও প্লাটফর্মের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রদল।
শাখা ছাত্রদলের এ হামলায় জকসু ভিপি-জিএস ও সাংবাদিকসহ আহত অনেকেই চিকিৎসা নিতে গেলে হাসপাতালে গিয়েও হামলা করে ছাত্রদল।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযোগ জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। এতে তিনি লেখেন, “হাসপাতালে আমাদের উপর ছাত্রদল হামলা করতে এসেছে।”
তাছাড়াও, ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জনসন রোডের ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালের মূল ফটক দিয়ে লাঠি-সোটা নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালে অবস্থানরত শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন।