বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) পরীক্ষা বিভাগের আয়োজনে অনলাইনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাউবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

ভিসি বলেন, বাউবির পরীক্ষা নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা পরিবর্তনে সুষ্ঠু, স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে পরীক্ষা গ্রহণের বিকল্প নেই। এ জন্য পরীক্ষা বিভাগ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র, পরীক্ষা কমিটি, শিক্ষক-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। পরীক্ষার্থীদের প্রতি মানবিক আচরণ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।

তিনি পরীক্ষা কার্যক্রম অটোমেশনের আওতায় আনা, আইসিটি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, পরীক্ষা কেন্দ্রগুলোতে কার্যকর মনিটরিং এবং শিক্ষার্থীদের ভর্তি ও অনুমোদনসংক্রান্ত পেন্ডিং কার্যক্রম দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র দ্রুত মূল্যায়ন ও স্বল্পতম সময়ে ফল প্রকাশের নির্দেশনা দেন।

সভায় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদ বলেন, বাউবি দীর্ঘদিনের পরীক্ষা-সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠছে। এবার পরীক্ষা কার্যক্রম নির্ধারিত সময়ের তুলনায় প্রায় এক থেকে দেড় মাস এগিয়ে আনা হয়েছে। তিনি পরীক্ষায় পুরোনো খাতা ব্যবহার না করা এবং একজন পরীক্ষার্থী সর্বোচ্চ ১০টি কোর্সে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় বাউবির এসএসএইচএল-এর ডিন অধ্যাপক তানভীর আহসান, এসএসএস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু তালেব, বিএ/বিএসএস পরীক্ষা কমিটির সভাপতি ড. মোঃ জাকির হোসেন তালুকদারসহ বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এবারের বিএ ও বিএসএস পরীক্ষায় সারাদেশের ২৮৮টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।