জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সোমবার (১০ আগস্ট) ঢাকার বারিধারায় কূটনৈতিক জোনে অবস্থিত জার্মান দূতাবাসে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সুযোগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মমুখী জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে কারিগরি, প্রযুক্তিনির্ভর ও মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ একাডেমিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং উচ্চতর গবেষণায় সহযোগিতা বাংলাদেশের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও গবেষণার সঙ্গে যুক্ত করার পাশাপাশি তাদের কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করা প্রয়োজন। জার্মানির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও দক্ষতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমে যুক্ত হলে উভয় দেশের শিক্ষা সহযোগিতা আরও শক্তিশালী হবে।

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রম ও মানোন্নয়ন উদ্যোগের প্রশংসা করেন। বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধিতে জার্মানির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে জার্মান দূতাবাসের পলিটিক্যাল, প্রেস ও কালচারাল সেকশনের ফার্স্ট সেক্রেটারি মনিকা রয়টার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম উপস্থিত ছিলেন।