বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ‘বার্ষিক লেখক সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আইআইইআর (IIER) ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের লেখক ও সদস্যদের সাহিত্যচর্চা, সৃজনশীল লেখালেখি এবং নিয়মিত কলাম রচনায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে পরিবেশিত হয় জাতীয় সংগীত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখার সাধারণ সম্পাদক মো. রবিউস সানি জোহা।

ইবি শাখা ফোরামের সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি রোখসানা খাতুন ইতি। আরও উপস্থিত ছিলেন তারুণ্যের সভাপতি ইমন হোসেন, জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি শোয়াইব বিন আছাদসহ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ফোরামের সদস্য ও সাংবাদিকবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে রোখসানা খাতুন ইতি বলেন, “মেধা, মনন ও সৃজনশীল চিন্তার বিকাশে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই। একটি সচেতন, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে তরুণ লেখকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণদের সেই সম্ভাবনাকে বিকশিত করার জন্য যে নিরলস কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সম্মাননা তরুণ লেখকদের আরও উৎসাহিত করবে এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দায়িত্বশীল লেখালেখিতে অনুপ্রাণিত করবে।”

সভাপতির বক্তব্যে ইবি শাখার সভাপতি মো. রুহুল আমিন বলেন, “‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই দূরদর্শী মূলমন্ত্রকে সামনে রেখে আমাদের ফোরাম নিয়মিত কাজ করে যাচ্ছে। আমাদের তরুণ লেখকেরা জাতীয় ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু, সম্ভাব্য সমাধান এবং সমাজের বিভিন্ন অনিয়ম, অসংগতি ও দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত পত্রিকায় কলাম লিখে জনসচেতনতা সৃষ্টি করছেন। তরুণদের এই লেখনী-স্পৃহাকে আরও শাণিত ও উজ্জীবিত করতেই আমাদের এই আয়োজন।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত লেখকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এতে ২০২৫-২৬ কার্যবর্ষের বর্ষসেরা লেখক হিসেবে মোজাহিদ হোসেন, বর্ষসেরা সংগঠক হিসেবে ফারদিন মোহাম্মদ, সেরা টিম লিডার হিসেবে আফিয়া আলম, উদ্যমী সংগঠক হিসেবে হাবিব আল মিসবাহ এবং উদ্যমী কর্মী হিসেবে আবু হামজাকে ঘোষণা করা হয়। এছাড়াও কার্যবর্ষের মাসিক সেরা চিঠি লেখক, মাসিক সেরা লেখক, বিদায়ী সদস্যদের সংবর্ধনা এবং ২০২৪-২৫ ও ২০২৫-২৬ কার্যবর্ষের কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।