জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় শিক্ষার্থীরা।

সকাল থেকেই বৈশাখী সাজে সজ্জিত হয়ে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজনে ছিল বইমেলা ও বই প্রদর্শনী, হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন।

গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরতে ছেলেদের জন্য আয়োজন করা হয় মোরগ লড়াই ও রশি টানাটানি, আর মেয়েদের জন্য ছিল বালিশ খেলা ও ঝুড়িতে বল নিক্ষেপ। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উৎসবের আনন্দকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্থাপন করা হয় একটি আকর্ষণীয় বৈশাখী ফটোফ্রেম, যেখানে দিনভর ভিড় জমায় শিক্ষার্থীরা।

এছাড়া জকসুর স্টলে আয়োজন করা হয় বই প্রদর্শনী এবং আগত শিক্ষার্থীদের জন্য রাখা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার—মুড়ি, মুড়কি, বাতাসা ও খই। পাশাপাশি ছিল বিনামূল্যে ৩০ ধরনের চা পানের ব্যবস্থা।

জানা যায়, আমরা মোরগ লড়াইয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মোরগ উপহার দেওয়া হয়েছে। মেয়েদের খেলায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের শাড়ি, জুয়েলারি ও চশমা উপহার দেওয়া হয়েছে।

আয়োজন সম্পর্কে জকসুর সাধারণ সম্পাদক আবদুল আলিম আরিফ বলেন, আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ আয়োজন। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করতে অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য, নববর্ষ উপলক্ষে আয়োজিত বই প্রদর্শনী ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন পরদিনও অব্যাহত থাকবে।