চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশেষ করে দেশের ব্যাংকিং খাত ও ব্যবসায়ী সমাজের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ কৌশল প্রণয়নে ব্যবসায়ী সমাজ সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।

শুক্রবার (২৯ আগস্ট) আইসিসি বাংলাদেশ আয়োজিত চট্টগ্রামে ‘এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন’ বিষয়ে দিনব্যাপী একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ আমিরুল হক আশা প্রকাশ করে বলেন, কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীরা উপকৃত হয়েছেন এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে তারা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। তিনি অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব।

আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান কর্মশালায় কর্মকর্তাদের মনোনয়ন দেওয়ার জন্য অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ধন্যবাদ জানান। একই সঙ্গে নিজেদের কয়েকজন গ্রাহককে কর্মশালায় অংশগ্রহণের জন্য মনোনয়ন দেওয়ায় ইস্টার্ন ব্যাংক ও প্রাইম ব্যাংককেও তিনি ধন্যবাদ জানান।

কর্মশালায় ১৯টি ব্যাংকের মোট ৬৩ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ইস্টার্ন ব্যাংক ও প্রাইম ব্যাংকের ১২ জন গ্রাহকও ছিলেন।