আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করছি। এই আদেশ আগামী ২১ এপ্রিল থেকে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।
চলাচলে ডিএমপির নির্দেশনা ; আগামী ২১ এপ্রিল থেকে দেশজুড়ে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শুধু ঢাকা মহানগরীতেই ১২৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করা এবং রাজধানীর সার্বিক ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কেন্দ্রে নির্বিঘেœ যাতায়াত নিশ্চিত করা এবং ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে নগরবাসী ও যানবাহন চালকদের কিছু বিশেষ নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।