চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্লাস্টিক বর্জ্য ও পুরোনো খাতা-কাগজ জমা দিয়ে বিনিময়ে গাছের চারা নেওয়ার কর্মসূচি আয়োজন করেছে 'আওয়ার গ্রিন ক্যাম্পাস' নামের একটি সংগঠন।
শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে "শত হাতে সহস্র চারা" শীর্ষক এই 'বৃক্ষ বিনিময় কর্মসূচি' অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা তাদের ব্যবহৃত প্লাস্টিকের বোতল, পরিচ্ছন্নতা বর্জ্য, পুরোনো খাতা ও খালি কলম জমা দিয়ে গাছের চারা সংগ্রহ করেন। পাশাপাশি সম্প্রতি করা কোনো ভালো কাজের গল্প শুনিয়েও উপহার হিসেবে চারাগাছ নেন অনেক শিক্ষার্থী।
আয়োজকরা জানান, প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের সচেতন করতেই এই উদ্যোগ। প্লাস্টিক বর্জ্য পরিবেশের যে ক্ষতি করছে, তার বিপরীতে একটি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিতেই মূলত 'বর্জ্যের বিনিময়ে বৃক্ষ' মডেলটি বেছে নেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন "আওয়ার গ্রিন ক্যাম্পাসের" সভাপতি মো. মোজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তাসফিয়া, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান, কোষাধ্যক্ষ মো. সালাউদ্দিন সাকিব, দপ্তর সম্পাদক রাব্বি হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, যুগ্ম বহিঃসম্পর্ক সম্পাদক মাহমুদা মতিন মিনা।
সভাপতি মোজাহিদুল ইসলাম বলেন, “গতকাল বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সবুজ ভবিষ্যতের পথে যাত্রা শুরু করেছি। আজ বৃক্ষ বিনিময় কর্মসূচির মাধ্যমে সেই উদ্যোগকে আরও ছড়িয়ে দিতে চাই। এ বছর আমাদের লক্ষ্য ১ হাজার গাছ লাগানো আর এই লক্ষ্য পূরণে সবার অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি।”