গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীরউজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির নিখোঁজ শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অন্তকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন আশকোনা এলাকা থেকে এয়ারপোর্ট থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজ হওয়ার ৩ দিন পর অন্তকে পাওয়ার খবরে তার পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে কাপাসিয়ার বীরউজলী বাজারের একটি দোকানের সিসিটিভি ফুটেজে অন্তকে সর্বশেষ দেখা যায়। এর প্রায় আধা ঘণ্টা পর বাজারের ব্যবসায়ী মফিজ উদ্দিনের দোতলা ভবনের ছাদ থেকে তার রক্তমাখা শার্ট, প্যান্ট, জুতা ও আইডি কার্ড উদ্ধার করা হয়। এতে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়।
নিখোঁজ অন্ত কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া মধ্যপাড়া এলাকার সোহাগ খানের ছেলে। সে বীরউজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
অন্তের সন্ধান দাবিতে বুধবার সকালে বীরউজলী বাজারে মানববন্ধন করেন তার সহপাঠী, শিক্ষক, শিক্ষার্থী, স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী। মানববন্ধন থেকে দ্রুত তাকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
এদিকে অন্ত নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে শুক্রবার সকালে তার বাড়িতে যান গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মোঃ সালাহউদ্দিন আইউবী। তিনি অন্তের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনা ও উদ্ধারের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অন্তকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে এলেও, তার নিখোঁজ হওয়ার কারণ, রক্তমাখা পোশাক ও অন্যান্য সামগ্রী কীভাবে ওই ভবনের ছাদে পাওয়া গেল-এসব বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।