দেশের ৫০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আইসিটি, ভাষা ও নৈতিকতা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্য এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে দেশের ৫০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আইসিটি, ভাষা ও নৈতিকতা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আওতায় আনা হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কার্যক্রম রয়েছে। তবে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আরও ৩০টি বিশ্ববিদ্যালয়ে সরকারি সহযোগিতায় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

ড. আবদুল্লাহ-আল-মামুন আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য কমানো, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদার, শিক্ষকদের প্রশিক্ষণ এবং অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) দক্ষতা অর্জনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে, যাতে তারা ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে।

তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। তরুণরাই হবে আগামী দিনের গেমচেঞ্জার।”

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ফরচুন গ্রুপ ও ফরচুন শুজ লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান এবং ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট মুহাম্মাদ মনজুর মাহমুদ। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সায়মা আক্তার।

সেমিনারে তরুণদের দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের প্রসার, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের কার্যকর অংশীদারিত্ব, কর্মসংস্থানের নতুন সম্ভাবনা এবং উচ্চশিক্ষাকে বাস্তবমুখী ও শিল্পবান্ধব করে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন।