জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য (এমপি) নাহিদ ইসলাম বলেছেন, সুস্থ, সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নৈতিক ও সামাজিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। তাই মাদরাসা শিক্ষার্থীদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে বলিয়ান হয়ে সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গতকাল শনিবার রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় নিবরাস মাদরাসার মূল ক্যাম্পাসের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি নিবরাস মাদরাসার গৃহিত উদ্যোগ, ফলাফল ও পরিচালনসহ সার্বিক বিষয়ে প্রশংসা করেন।
মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি নজরুল সরকারী কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহা. আতাউর রহমান, নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। হাফেজ জিয়াউর রহমান ও শরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফজলে আহমেদ ফজলু, উপাধ্যক্ষ হোসাইন মো. ইলিয়াস, এডভোকেট খালেদ সাইফুল্লাহ তারেক, মোহাম্মদ ক্যাম্পাসের ইনচার্জ ওয়ালী উল্লাহ খান, আশরাফুল আলম, মীর মাহবুব হাসান, মহিউদ্দিন মাক্কী, উবাইদুল্লাহ শামীম, আরিফুর রহমান আজহারী, আবু তালহা, জুনাইদ উল্লাহ আযহারীসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকমণ্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিগত সেশনে মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী, দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত, মাদরাসা শিক্ষা বোর্ডের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত, শতভাগ উপস্থিতি এবং সাংস্কৃতিক পক্ষ-২০২৬ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী মোট ৬৩৩টি পুরস্কার বিতরণ করা হয়।