জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে "মিডিয়া সন্ত্রাস" ও অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগি সামিয়া ও সজিব আহমেদ জেনিচকে। এছাড়াও গত কয়েকদিন আগে ঘটে যাওয়া সাংবাদিক হেনস্থার ঘটনায় অভিযুক্ত বন্ধন কুমারকেও মিডিয়া সন্ত্রাসবিরোধী মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে এই জমায়েত ও কর্মসূচি অনুষ্ঠিত হয়। “মিডিয়া সন্ত্রাস নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” এবং “তথ্য সন্ত্রাস নিপাত যাক, গণমাধ্যম মুক্তি পাক”—এই স্লোগানগুলোকে সামনে রেখে শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগি সামিয়া বলেন, “কিছু সাংবাদিক আছেন যারা সবসময় সরকারি দলের হয়ে কাজ করেন। যখন যে সরকার ক্ষমতায় থাকে, তারা সেই সরকারের পক্ষে কাজ করেন। আবার কিছু সাংবাদিক আছেন যারা নিজেদের রাজনৈতিক দলের স্বার্থ রক্ষাতেই ব্যস্ত। এ ধরনের দলীয় আনুগত্যনির্ভর সাংবাদিকতার ভিড়ে জনগণের প্রকৃত সাংবাদিকরা হারিয়ে যাচ্ছেন। আমরা এমন সাংবাদিকতা চাই, যা জনগণের কথা বলবে, সত্য তুলে ধরবে এবং কোনো দলের নয়, মানুষের স্বার্থে কাজ করবে।”

কর্মসূচিতে বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের একাংশ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবর্তে উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশন করছে, যা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা তথ্যের সুষ্ঠু প্রবাহ নিশ্চিত করা এবং গণমাধ্যমকে সব ধরনের প্রভাবমুক্ত রাখার জোর দাবি জানান।