জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন ব্যবস্থায় আধুনিকায়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার প্রতিফলন এখনো দেখা যায়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের প্রায় সাত মাস পেরিয়ে গেলেও বাসে লাইভ ট্র্যাকিং চালুর গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়িত হয়নি। ফলে প্রতিদিন বাসের সময়সূচি ও অবস্থান নিয়ে অনিশ্চয়তায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।
নির্বাচনের সময় জাকসুর পরিবহন সম্পাদকের ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাসগুলোকে লাইভ ট্র্যাকিং অ্যাপের আওতায় আনা। তবে দীর্ঘ সময় পার হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
শিক্ষার্থীরা জানান, বাসের সঠিক অবস্থান না জানার কারণে তাদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। অনেক সময় পরিবহনের ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে বাসের অবস্থান জানতে হয়, যা নির্ভরযোগ্য নয়। ফলে সময়মতো বাস ধরতে না পেরে একাডেমিক কার্যক্রমেও বিঘœ ঘটছে। তাদের মতে, লাইভ ট্র্যাকিং ব্যবস্থা চালু হলে মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই বাসের অবস্থান জানা যেত, অপেক্ষার সময় কমে আসত এবং সময় ব্যবস্থাপনাও আরও কার্যকর হতো। তাই দ্রুত এই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান তারা।
এ বিষয়ে জাকসুর পরিবহন ও যোগাযোগ সম্পাদক মো. তানভীর রহমান বলেন, বাসে লাইভ ট্র্যাকিং অ্যাপ চালুর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ নিয়ে কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী উপযুক্ত সেবা নিশ্চিত করেই কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, আমি নিজেও এই ভোগান্তির শিকার। খুব অল্প সময়ের মধ্যেই এই ব্যবস্থা চালু করতে সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি, আগামী প্রায় দুই মাসের মধ্যে আমরা এটি বাস্তবায়ন করতে পারব।