জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ছাত্রত্ব শেষ হওয়ার পরও হলে বহাল রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটি এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বুধবার (৩০ জুলাই) শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে শাখা সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র ও প্রচলিত নিয়ম অনুযায়ী ছাত্রত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একজন শিক্ষার্থীর আবাসিক হলে অবস্থানের বৈধতাও শেষ হয়ে যায়। কিন্তু গত ২৯ জুলাই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে জাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ছাত্রত্ব শেষ হলেও আবাসিক হলে বহাল থাকার সুযোগ দেওয়া হয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ।
নেতৃদ্বয় আরও বলেন, যেখানে হলের সিট সংকটের কারণে সাধারণ শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন, সেখানে প্রতিনিধিদের জন্য বিশেষ সুবিধা প্রদান প্রশাসনের অন্যায্য সিদ্ধান্ত। সাধারণ শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করে কোনো প্রতিনিধি বা নির্দিষ্ট গোষ্ঠীকে অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ নেই বলেও তারা মন্তব্য করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থী ও প্রতিনিধিদের মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন সৃষ্টি করবে। তাই অবিলম্বে এ অফিস আদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সমান অধিকার ও অভিন্ন নীতিমালা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।